বাংলাদেশে বড় মার্কেট বা ভবনে আগুনের ঘটনা বিরল না হলেও এত কাছাকাছি সময়ের মধ্যে পরপর কয়েকটি বিপণি বিতানে এরকম বড় মাত্রার আগুন লাগার ঘটনা নজিরবিহীন। বঙ্গবাজারের ভয়াবহ ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। জানা গেছে, ভয়াবহ অগ্নিঝুঁকিতে রয়েছে রাজধানীর বেশকটি মার্কেট। কিন্তু কেন এত ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। ঈদের আগে বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে অনেকেই রহস্যজনক মনে করছেন। যদিও বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মশার কয়েল বা সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিন্তু নাশকতা নিয়েও ইতোমধ্যে সন্দেহ তৈরি হয়েছে। পরপর কয়েকটি আগুনের ঘটনায় নাশকতা হচ্ছে কিনা তা গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি খতিয়ে দেখা একান্ত জরুরী। বাংলাদেশে এই বছরের সাড়ে তিন মাসেই অন্তত আটটি আগুন লাগার ঘটনা ঘটেছে। ঢাকার নবাবপুরে ১৪ই এপ্রিল রাতে লাগা একটি আগুনে গুদামঘর পুড়ে গেছে। ওই গুদামঘরে নবাবপুর মার্কেটের প্রায় অর্ধশত দোকানের মালামাল রাখা ছিল। তার তিনদিন আগে ১১ই এপ্রিল চকবাজারের একটি সিরামিক গুদামে আগুন লাগে। বঙ্গবাজারে ৪ এপ্রিল আগুনে প্রায় চার হাজার দোকানপাট পুড়ে যায়। এর কয়েকদিন আগে ২৭শে মার্চ ঢাকার মহাখালীর সাততলা বস্তিতে আগুন আর কাপ্তান বাজারের জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে আগুন লাগে। ২৬শে ফেব্রুয়ারি ঢাকার কড়াইল বস্তিতে আর ১৯শে ফেব্রুয়ারি গুলশানের একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস তথ্য অনুসারে, রাজধানীতে তারা ৫৮টি ভবনকে 'ঝুঁকিপূর্ণ' হিসাবে চিহ্নিত করেছেন। এর সবগুলোই বাণিজ্যিক ভবন। এর মধ্যে নয়টি ভবন রয়েছে 'অধিক ঝুঁকিপূর্ণ'। অধিক ঝুঁকিপূর্ণ তালিকায় গাউছিয়া, ফুলবাড়িয়ার বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলির নিউ রাজধানী সুপার মার্কেট, সদরঘাটের শরীফ মার্কেট, লালবাগের আলাউদ্দিন মার্কেট, চকবাজারের শাকিল আনোয়ার টাওয়ার, সিদ্দিক বাজারের রোজ নীল তিস্তা মার্কেট, মাশা কাঁটারা মার্কেট। ঝুঁকিপূর্ণ মার্কেট বা ভবন চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে একাধিক সংস্থার দায়িত্ব থাকে। তাদেরও সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আগেই নোটিশ দিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন সময়মতো প্রকাশ করা উচিত; একই সঙ্গে কমিটির সুপারিশ বাস্তবায়নেও যথাযথ পদক্ষেপ নিতে হবে। দেশের সর্বত্র জলাধারগুলো সংরক্ষণের পাশাপাশি সেগুলোতে শুষ্ক মৌসুমেও পর্যাপ্ত পানি থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।