ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জের হাট সংলগ্ন বৌদ্ধের পুল বাজার সড়কে বাস চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল ২ আরোহী সম্পর্কে শ্বশুর জামাই বলে জানা গেছে। বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা শ্বশুর মোঃ মনির (৪৫) ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী জামাই আলী আজগর (২৫)। সংবাদ পেয়ে বোরহানউদ্দিনের পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে নিহত দুই আরোহী সম্পর্কে শ্বশুর-জামাই। তারা তড়িঘড়ি করে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য অপর একটি রাস্তা থেকে ভোলা-চরফ্যাশন সড়কে উঠে চরফ্যাশনের দিকে যাওয়ার প্রাক্কালে মূহুর্তেই দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে মর্মান্তিক এদূর্ঘটনায় ঘটে। স্থানীয়দের থেকে ও পুলিশ সূত্রে আরও জানা যায়, দূর্ঘটনায় শিকার মোটরসাইকেলটি চালিয়েছিলেন জামাই আজগর আলী এবং শ্বশুর মোঃ মনির মিয়া মোটরসাইলের পিছনে বসা ছিলেন। ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী বুশরা বাসের সঙ্গে এ দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল ওই দুই আরোহী। বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত মো. রাজিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।