পাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনি সমস্যা এবং লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীদের মাঝে ১৬লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির উপজেলার ৩৩জন রোগীর মাঝে রোগী প্রতি ৫০হাজার টাকা করে ওই চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান। এ ছাড়া সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এদিন ১১০জন দুঃস্থ ও অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।