রাজশাহীর বাগমারা উপজেলার বীরকুৎসা অবিনাশ স্কুল ও কলেজে ট্যাব বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ট্যাব বিতরনে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন নুর বক্স খান নামের এক অভিভাবক।
জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর রোল এক থেকে তিন পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী ট্যাব উপহার দেন। কিন্তু উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা অবিনাশ স্কুল ও কলেজের মেধা তালিকার দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিজা তানজিম কে ট্যাব না দিয়ে একই স্কুলের শিক্ষক আকতারুল ইসলাম সেন্টুর ছেলের রোল ২০ হওয়া সত্বেও তাকে দেয়া হয়েছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। অধ্যক্ষ জুলফিকার আলী ও শিক্ষক আকতারুল ইসলাম সেন্টু মিলে এমন অনিয়ম করেছেন বলে জানা যায়। নবম শ্রেনীর ট্যাব বিতরনেও এমন অনিয়ম হয়েছে বলেও জানা গেছে।
ট্যাব বঞ্চিত মেধাবী ওই শিক্ষার্থীর পিতা নুর বক্স খান জানান, আমার মেয়ে মেধা তালিকায় থাকার পরেও স্বেচ্ছাচারিতা করে আমার মেয়ে কে ট্যাব দেয়া হয়নি। এ ব্যাপারে অধ্যক্ষ কে অবগত করানো হলে তিনি ট্যাবের কথা গোপন রেখে বলেছেন মাথার ক্যাপ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের এমন অনিয়ম এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বীরকুৎসা অবিনাশ স্কুল ও কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, আমাদের এখানে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখা থাকায় গড় করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান বলেন, ট্যাব বিতরনে অনিয়মের ব্যাপারে একজন অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের জন্য উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার কে বলা হয়েছে।