খুলনার পাইকগাছায় সাজা ও মাদকসহ ৩ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের রোববার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ ইমরান হোসেন জানান, শনিবার রাত ১১টার দিকে উপজেলার রাড়-লী ইউনিয়নের বাঁকা বাজারের মোটরসাইকেল গ্যারেজের পাশে গলির ভিতর মাদক বিকিকিনি হচ্ছে এমন সংবাদ পায়। এ সময় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আশাশুনি থানার দর্গাহপুর গ্রামের মহিনুর রহমান শেখের ছেলে শেখ জীবন (৩৫), রাড়-লী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হাসান আলী শেখের ছেলে বাদল শেখ (৪২)কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে জীবনের নিকট থেকে ৩০ গ্রাম ও বাদলের নিকট থেকে ২০ গ্রাম গাঁজা বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপর দিকে একই রাতে অভিযান চালিয়ে রাড়-লী ইউনিয়নের আকুব্বর শেখের ছেলে সাজাপ্রাপ্ত আসামি রুস্তুম শেখকে গ্রেপ্তার করা হয়। পাইকগাছা থানা ওসি মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ওই ব্যক্তিদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।