বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাঁথিয়া উপজেলা কমান্ডের ২০২২-২০২৩এর নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মাসুদ হোসেন। ইতোমধ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তফসিল মোতাবেক আগামী ২০মে (শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।তফসিল ঘোষণার পরই ভোটার এবং প্রার্থীদের মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া এবং চলছে মনোনয়নপত্র সংগ্রহ।
উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়,গত বুধবার (৫এপ্রিল) চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে,চলবে ৯এপ্রিল বিকাল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১০এপ্রিল বিকাল ৩টা পর্যন্ত।মনোনয়নপত্র বাছাই ১১এপ্রিল।প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ১৩ এপ্রিল বিকাল ৩টা পর্যন্ত। আপিল নিস্পত্তি ১৬এপ্রিল।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ এপ্রিল। চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৮ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৭ এপ্রিল এবং ভোট গ্রহণ ২০মে। উপজেলায় ১২৬ জন ভোটার থাকলেও একজন মৃত্যুবরণ করায় ১২৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে উপজেলা কমান্ডার, ডেপুটি কমান্ডার,সহকারি কমান্ডার সাংগঠনিক(পুনর্বাসন,সমাজকল্যান-শহিদ ও যুদ্ধাহত),তথ্য ও গবেষণা,অর্থ, ক্রীড়া ও সংস্কৃতি,দপ্তর ও পাঠাগার,ত্রাণ ও সমাজকল্যান এবং কার্যকরী সদস্যসহ মোট ১১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।বিরতিহীনভাবে ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলবে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মাসুদ হোসেন জানান,‘সিডিউল ও নির্বাচনী তফসিল ঘোষণা মোতাবেক মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন অবাধ,সুষ্ঠু ও সুন্দর করতে সকল প্রস্ততি আমরা সেভাবেই নিচ্ছি।’