দিঘলিয়া উপজেলার লাখোহাটি নিবাসী ও খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকায় দর্বৃত্তদের গুলিতে নিহত শেখ আনসার উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত ২৩ আসামীর মধ্যে ১৬ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ এপ্রিল) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও খন্দকার দিলিরুউজ্জামান শুনানী শেষে আসামীদেরকে ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলের পরিবার সূত্র। বাকী ৫ জনেরও জামিন আগামীদিন হতে পারে বলে জানা যায়।
শেখ আনসার উদ্দিন হত্যা মামলার আসামিদের জামিন প্রসঙ্গে জানতে চাওয়া হলে আনছার শেখ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন মাতব্বর এ প্রতিবেদককে বলেন, আসামিদের জামিন সংক্রান্ত কোন তথ্য আমরা এখনো পাইনি।
জামিনপ্রাপ্তরা হল বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল (৩২), পারভেজ মিনা (৩০), পলাশ মিনা (৪৫), রাসেল গাজী (৩০), মঞ্জু গাজী (৫২), কাইফ গাজী (২২), জনি শেখ (৩২), আজিজুল শেখ (৫৫), বাপ্পি শেখ (৩০), শিমুল গাজী (২৬), আসাদ মোল্লা (২৫), আজিবর শেখ (৩৫), আন্দু গাজী (২৭), বিল্লাল চৌধুরী (৪০), আজিজুল চৌধুরী (৩০) ও সাগর মোল্লা (৩৫)।
প্রসঙ্গত ২৪ মার্চ খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয় দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের শেখ আনসার উদ্দিন। এ সময় তিনি লিন্ডা ক্লিনিকের পার্শ্ববর্তী মসজিদুল আকসা জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। পহেলা রমজানের দিন প্রকাশ্য দিবালোকে এ হত্যাকান্ড সংঘটিত হয়।
শেখ আনছার উদ্দিন ছিলেন বারাকপুর ইউপি চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেন হত্যা মামলার অন্যতম আসামি। আনছার শেখ নিহত হওয়ার একদিন পর তার ছেলে তানভীর শেখ বারাকপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী সাহাগীর হোসেন পাভেলকে প্রধান আসামি করে ২৩ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত ৭/৮ কে আসামি করে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গাজী সাহাগীর হোসেন পাভেল এ প্রতিবেদককে বলেন, প্রতিহিংসা এবং ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে আনছার শেখ হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, আনছার শেখ যেদিন নিহত হন তার আগের দিন বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ব্যক্তিগত কাজে আমি যশোর থেকে ঢাকা যাই।