পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের অদূরে বওশা ব্রিজের পাশে ব্যক্তি মালিকানাধিন জমি জবর দখল করে রাস্তা নিম্যাণের চেষ্টা করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জমির মালিক চাটমোহর পৌরসভার বালুচর মহল্লার আঃ লতিফ সরকারের স্ত্রী মমতাজ মহল ও নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের মোঃ কেতাব আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোছাঃ মমতাজ মহল অভিযোগ করেছেন,করকোলা মৌজার ১০৯১ ও ১০৯২ নং দাগে ফসলি জমির সিমানা ঘেঁষে সরকারি সড়ক চলে গেছে। সড়ক নির্মাণকালে একটি দাগের জমি হুকুম দখল করা হয়। হুকুম দখলকৃত জায়গাতে সড়ক ও ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু করকোলা থেকে বওশা ব্রিজ অভিমুখে মাটির রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ রাস্তা নির্মাণের জন্য কোন সরকারি জায়গা না থাকায় করকোলা গ্রামের মোঃ মুন্নাফ-আশরাফ গং ব্যক্তি মালিকানাধিন ফসলি জমি বিনষ্ট করে মাটি ফেলে রাস্তা নিম্যাণের চেষ্টা করছে। শুধু তাই নয়,ইতোপূর্বে জমির মালিকের অগোচরে জমি থেকে মাটি কেটে বড় গর্তের সৃষ্টি করেছে। মমতাজ মহল অভিযোগ করেন,জমির মাটি কেটে রাস্তা নির্মাণে বাধা দিলে তাকে ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছে।
এদিকে সরেজমিন গিয়ে দেখা গেছে,করকোলা কবরস্থানের পাশ দিয়ে বওশা ব্রিজ অভিমুখে মাটির রাস্তার কাজ চলছে। স্থানীয় সংসদ সদস্য এই প্রকল্পে ৭ মে.টন গমের বিশেষ বরাদ্দ দিয়েছেন বলে জানান,প্রকল্প সভাপতি মোঃ মুন্নাফ। ব্যক্তি মালিকানাধিন জমি জবর দখলের বিষয়ে তিনি বলেন,সরকারি রাস্তা তৈরি হচ্ছে সরকারি জায়গার উপর দিয়ে। তবে তিনি সরকারি জায়গা দেখাতে পারেননি।
নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রভাষক নুরজাহান বেগম মুক্তি বলেন,রাস্তা নির্মাণের বিষয়ে তিনি জানেন। এমপি মহোদয় এই প্রকল্প দিয়েছেন। তবে কে প্রকল্প সভাপতি,তা জানিনা। পিআইও অফিস জানে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান বলেন,যখন রাস্তা হয়,তখন কোন জমিই সরকারি থাকেনা। রাস্তা হলেই সেটা সরকারি হয়ে যায়। কেউ যদি জমি না দেন,তাহলে রাস্তা হবেনা। তবে কবরস্থানে যাতায়াতের জন্য রাস্তাটি দরকার।