টিসিবি’র পণ্য নিয়ে বাড়ি ফিরছিলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের ইকরাপাড়া গ্রামের ষাটোর্ধ বৃদ্ধা আবদুল বারি। সাত সদস্যের পরিবার তার। সংসারে আয়-রোজগারের তেমন মাধ্যম নেই। অভাব অনটনে কাটে সংসার। তাই টিসিবি’র কার্ড করে দিয়েছিলেন স্থানীয় ইউপি মেম্বার। তার মাধ্যমেই টিসিবির পণ্য বিতরণের খবর পেয়ে বুধবার প্রায় ১২/১৩ কিলোমিটর পথ মাড়িয়ে গিয়েছিলেন ইউনিয়ন পরিষদে। সেখানে তিনি সরকারের দেয়া টিসিবি’র পণ্য তেল, ডাল, চিনি ও বুট পেয়েছেন। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এমন সময়ে কমমূল্যে এসকল নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে তিনি দারুন খুশী। আর এজন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার দৃষ্টি সকলের প্রতিই রয়েছে। রমজান মাসের দ্রব্যমূল্যের এমন উর্দ্ধগতিতে কম টাকায় এমন পণ্য সামগ্রী আমাদের মত গরীবের জন্য অর্শীবাদ স্বরুপ। বর্তমান বাজারে এসকল পণ্যের দাম ৮’শ টাকার ও বেশী। অথচ তিনি এগুলো পেলেন অর্ধেক দামে মাত্র ৪৭০ টাকায়। টিসিবি’র পণ্য হাতে পেয়েই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। শুধু আবদুল বারিই নয়। রমজান মাসে টিসিবি’র পণ্য হাতে পেয়ে হাসি ফুটেছে সুবিধাভোগীদের সবার মুখে।
বুধবার (২৯ মার্চ ) উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবি পণ্য বিক্রি করা হয়। সকাল থেকেই সুবিধাভোগীরা আসতে থাকেন পরিষদে। পরে লাইনে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে তারা টিসিবি’র পণ্য গ্রহন করেন। ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর সরাসরি তাদের হাতে এ পন্য তুলে দেন। এ সময় তিনি ২ হাজার ৭’শ ২২ জনের মাঝে টিসিবি পণ্য বিতরণ করেন। প্রত্যেককে ফ্যামিলি কার্ডের আওতায় ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি এবং ১কেজি বুট দেওয়া হয়। টিসিবি পণ্য বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মেহেদী হাসান, ইউপি সদস্য আবুল কালাম আজাদ (ভেলু), আবদুল হাই, জাহাঙ্গীর আলম, মহিলা সদস্য আম্বিয়া বেগম, প্রমূখ।