নওগাঁর মহাদেবপুরে একজন সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে তিন ফসলী জমি থেকে ভেক্যু মেশিন দিয়ে মাটি কেটে অবৈধ পুকুর খননের অভিযোগ করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে গত এক সপ্তাহ ধরে তিনি প্রচলিত আইন অমান্য করে এই পুকুর খনন করলেও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে কোনই ব্যবস্থা নেয়নি।
উপজেলার সদর ইউনিয়নের বকাপুর আদিবাসী পাড়ায় গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ বিঘা আয়তনের তিন ফসলী জমি থেকে ভেক্যু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। একদল সাংবাদিক দেখে ভেক্যু মেশিনের চালক ও মাটি পরিবহণের কাজে ব্যবহৃত ট্রাক্টরের চালক মেশিনগুলো বন্ধ করে রেখে দৌড়ে পালিয়ে যান। স্থানীয়রা জানান, ওইগ্রামের স্বনামধন্য প্রয়াত প্রধান শিক্ষক রমজান আলীর ছেলে মাহফুজুর রহমান জুয়েল তার নিজের জমিতে এই পুকুর খনন করছেন। তিনি জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
সাংবাদিকেরা একাধিকবার তার মোবাইলফোনে রিং দেন। প্রথমে তিনি ফোন রিসিভ করেননি। পরে ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের মোবাইলফোনে রিং দিলে তিনিও রিসিভ করেননি।
সংশ্লিষ্টরা জানান, ১৮৮২ সালের ইজমেন্ট রাইট এ্যাক্ট আইনের ৪ নং ধারায় বলা হয়েছে, ‘বাংলাদেশের যে স্থানে কৃষি জমি রহিয়াছে, তাহা এই আইনের মাধ্যমে সুরক্ষা করিতে হইবে এবং কোনভাবেই তাহার ব্যবহার ভিত্তিক শ্রেণী পরিবর্তন করা যাইবেনা। কৃষি জমি এক ফসলী বা একাধিক ফসলী যাহাই হোক না কেন তাহা কৃষি জমি হিসাবেই ব্যবহার করিতে হইবে।’
এই আইনের ১২ নং ধারায় বলা হয়েছে, ‘উক্ত বিধান অমান্যে রয়েছে অনধিক পাঁচ বছর কারাদন্ড, বা অন্যুন এক বছর কারাদন্ড, বা অর্থদন্ড, বা উভয় প্রকারের দন্ড। তবে ইউনিয়ন, উপজেলা, জেলা ভূমি কর্মকর্তা বরাবর আবেদনের মাধ্যমে ওই ভূমির ব্যবহারগত শ্রেণী পরিবর্তনের সুযোগ রয়েছে।’
বিদ্যমান আইন অমান্য করে ফসলী জমির মাটি কেটে জমির ব্যবহারভিত্তিক শ্রেণী পরিবর্তন করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়েই।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে অবিলম্বে এই অবৈধ পুকুর খনন বন্ধ করে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।