রংপুরের পীরগঞ্জে পবিত্র রমজানে এলাকাবাসীর শত বাধা উপেক্ষা করে আবারও জুয়ার জমজমাট আসর শুরু হয়েছে। বড়আলমপুর ইউনিয়নের করতোয়ার চরে শিমুলবাড়ি নামক স্থানে গত সপ্তাহ থেকে ওই জুয়া চালানো হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানায়,রোজ দুপুরের পর থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত এই জুয়ার আসর চলে। আশপাশের উপজেলা থেকে মোটর সাইকেলযোগে এসে জুয়াড়ীরা এতে অংশ নেয়। জুয়ার পাশাপাশি মদ ও নারীর সহজলভ্যতা হওয়ায় উঠতি বয়সের অনেকেই জুয়ার আসরে ঝুঁকে পড়েছে। অবাধে জুয়া চলার ফলে এলাকায় ছিঁচকে চুরি বেড়েছে। অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। অভিযোগ রয়েছে,ধর্মদাশপুর গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে আতোয়ার,শিমুলবাড়ি গ্রামের মৃঃ নিজাম উদ্দিনের ছেলে মাহবুব,তমিজ উদ্দিনের ছেলে-মোনায়েম ও ষোলঘরিয়া গ্রামের মৃতঃ আব্দুল করিমের ছেলে জহুরুল এর নেতৃত্বে ওই জুয়ার আসর চলায় এলাকার কেউ জুয়া বন্ধে মুখ খোলার সাহস করে না। বড়আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম জানান,কয়েকবার জুয়ার আসর ভেঙ্গে দিয়েছি। প্রতিরাতে ওরা কৌশলে স্থান পরিবর্তন করে জুয়ার আসর বসায়। মাসিক মিটিং এ কয়েক দফা উত্থাপন করেও কোন কাজ হয়নি। তিনি আরও বলেন-পুর্বের ওসি জুয়াড়ুদের বাড়ি থেকে ধরে এনে বিভিন্ন পেনডিং মামলায় চালান দেয়ায় দীর্ঘদিন জুয়ার আসরচি বন্ধ ছিল। বর্তমান ওসি জাকির হোসেন যোগদানের পর এখন নতুন করে ওই জুয়ার আসর শুরু হয়েছে। কোন কিছুতেই তা বন্ধ করতে পারছি না। পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন-অচিরেই জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।