বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমদেসহ কারাবন্দী বিএনপি’র সকল নেতাদের মুক্তির দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। বক্তব্য রাখেন, সদস্য সচিব অ্যাড.মাহফুজ-উন-নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য কাওছার জামান বাবলা, মহানগর যুবদলের সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি’র নেতাকর্মীকে জেলে আটকিয়ে রেখে সরকার গণআন্দোলন দমিয়ে রাখতে চায়। তারা বিএনপি’র আন্দোলনকে ভয় পাচ্ছে। নিত্য পণ্যের দাম, বিদ্যুৎ, তেল, গ্যাসসহ সবকিছুর দাম বাড়িয়ে সরকার অর্থ লোপট করে নিজেদের পকেট ভারী করছে। জনগণ সরকারের এই শোষণের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা বিএনপি’র আন্দোলনের সাথে একাত্ত্বতা প্রকাশ করেছে। বিএনপি’র চেয়ারপার্সনসহ নেতাদের মুক্তি, বর্তমান সরকারের পতনসহ নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী পূরণ না হওয়া পর্যন্ত বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।