রংপুরের পীরগাছায় কলা বাগান থেকে শের আলী (৫৫) নামে একজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৮মার্চ) সকাল ১০টার দিকে পীরগাছা থানা পুলিশ খবর পেয়ে ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামের হাজী কৃষি খামার সংলগ্ন তুহিন মিয়ার কলা বাগান থেকে লাশটি উদ্ধার করেন। শের আলী ওই গ্রামের মৃত মানিক উল্যাহর ছেলে। তিনি ওই ইউনিয়নের পাওটানাহাট মোকছেদুলের ‘ছ’ মিলে শ্রমিকের কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, শের আলী শুক্রবার (১৭মার্চ) বিকেলে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জে ভাতিজির বাড়িতে ধারের টাকা পরিশোধ করতে যান। সন্ধ্যার আগে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হলেও তিনি আর নিজ বাড়িতে ফিরেনি। শনিবার (১৮মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয় এক মহিলা গোখাদ্যের জন্য কলা বাগানে গেলে, সেখানে গলা কাটা একটি লাশ দেখতে পান। পরে পীরগাছা থানায় খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের বড় ভাই শাহার আলী বলেন, জমিজমা কেন্দ্র করে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
রংপুর (সি-সার্কেল) এএসপি কামরুজ্জামান বলেন, সিআইডি, ডিবি ও পিবিআই সহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হচ্ছে। নিহতের পরিবারের কেউ থানায় না আসায় মামলা রুজু করা হয়নি। আর জিডিমূলে লাশটি আমরা থানায় নিয়ে এসেছি।