এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে মানবন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ এর কুড়িগ্রাম জেলা শাখা। শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মানব বন্ধনে শিক্ষকরা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে। অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পান ২৫ শতাংশ। অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ কেটে রাখলেও ৬ শতাংশের বেশি সুবিধা এখনও দেওয়া হয় না এবং বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই। প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করলে আর এসব সমস্যা থাকবে না।
তাই অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান বক্তারা।