রংপুরের পীরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের খামার তাহেরপুর গ্রামে পুর্ব শক্রতার জের ধরে বুধবার রাতে প্রতিপক্ষের প্রহারে ৩ জন আহত হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার খামার তাহেরপুর গ্রামের মৃতঃ আফজাল হোসেনের ছেলে হিরু আকন্দের সঙ্গে একই গ্রামের মৃত্য কোয়াজ মিয়ার পুত্র সোনা মিয়া সহ ক’জনের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বুধবার রাতে প্রতিপক্ষ সোনা মিয়া, মানিক মিয়া,শাহাজাদা ও কহিনুর বেগম লাঠি,রড ও চাকু নিয়ে হিরু মিয়ার বাড়ীতে প্রবেশ করে তার পুত্র রিফাত মিয়াকে প্রহার করতে থাকে। এ সময় জনৈক লিখন এগিয়ে আসলে তাকেও প্রকার করে পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে হিরুর ছেলে ও লিখনের চিৎকারে লাভলী এগিয়ে আসলে সোনা মিয়ার লোকজন তাকেও প্রহার করে। পরে গ্রামবাসীর সহায়তায় রিফাতকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে হিরু মিয়া বৃহস্পতিবার পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। খবর লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।