বিএনপির কর্মসূচিতে পায়ে পাড়া দিয়ে আওয়ামী লীগ বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার। বিরোধী মতকে বাধাগ্রস্ত করাই আওয়ামী লীগের গণতন্ত্র বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১১ মার্চ) দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে দশ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জেলা ও মহানগর বিএনপির মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ হলো রাম ছাগলের দল। তাদের গণতন্ত্র মানে হলো বিরোধী মতকে বাধাগ্রস্ত করা, দমিয়ে রাখা। তারা এখন বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে ওই দিনেই কর্মসূচি দেয়। আওয়ামী লীগের কর্মসূচি মানে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করার শামিল।
এসময় তিনি নেতাকর্মীদের সতর্ক থেকে আন্দোলন করার এবং আন্দোলনের কারণে সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সে দিকে খেয়াল রাখার আহ্বান জানান।
আবদুল হাই শিকদার বলেন, বিএনপি কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। আমাদের নেতা তারেক রহমান। তার নেতৃত্বে চলছে বিভাগীয় সমাবেশ, আন্দোলন, মানববন্ধন, এগুলো দেখে আওয়ামী লীগের ডর লাগে। তারেক রহমানকে ডরায়। এজন্য তারা বিএনপির কর্মসূচির দিনে কর্মসূচি দেয়। আওয়ামী লীগের নেতারা উম্মাদ। তাদের অচিরেই পাবনা পাগলা গারদে পাঠাতে হবে। সেই দিন আর বেশি দূরে নাই।
এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সফল করার আহ্বান জানান।
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান। কর্মসূচিতে রংপুর জেলা ও মহানগর বিএনপিসহ দলের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।