নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ও সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কাউন্সিল, নিয়ামতপুর থানাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বাংলাদেশ মানবাধিকার কমিশন, নিয়ামতপুর শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এ দিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ইউনিয়ন, স্কুল ও কলেজ পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।