ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি বৃষ্টিপ্রবণ এলাকা। মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেশের ছোট-বড় সব শহরেই কমবেশি জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষায় আমাদের কাছে অন্যতম প্রধান একটি সমস্যা হয়ে দাঁড়ায় এই জলাবদ্ধতা। টানা বৃষ্টি হলেই রাজধানীর অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। নগরজীবন অচল হয়ে পড়ে। জলাবদ্ধতার সঙ্গে নগরীতে বাড়ে যানজটের ভোগান্তি। জলাবদ্ধতা ও যানজটের কারণে শহরের বাসিন্দাদের দুর্ভোগ পোহানো বর্তমানে একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাই শুধু ভেঙে পড়ে না, পাশাপাশি রাস্তায় আটকে পড়েন শ্রমজীবী-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সামান্য বৃষ্টি হলেই ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার একটি কারণ হিসেবে দেখা যায় শহরের নালা, খালগুলো পলথিন, বোতল, আর প্লাস্টিকে ভরা ফলে ভারি বৃষ্টি হলে রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশন হতে পারেনা। আবার দেখা যায় একটি পরিকল্পিত আধুনিক নগরীর মোট আয়তনের ২০ থেকে ২৫ ভাগ জায়গায় রাস্তা থাকা জরুরি। সেক্ষেত্রে রাজধানীতে রাস্তা আছে সাত থেকে আট ভাগ। আবার এই আট ভাগের অনেক অংশের রাস্তা খুঁড়ে রাখা হয়েছে, ফলে সেখানে তৈরি হয়েছে খানাখন্দ আর সেখানে বৃষ্টির পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। বাংলাদেশের এক জটিল সমস্যায় পরিণত হয়েছে এই জলাবদ্ধতা। কয়েক মাস ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন করে ড্রেনেজ নির্মাণ কাজ করছে দুই সিটি কর্পোরেশন। এসব ড্রেন পরিকল্পনামাফিক হলে রাজধানীর জলাবদ্ধতা কিছুটা কমতে পারে এমন ধারণাই ছিল সবার। কিন্তু তার পরিবর্তে দেখা গেছে এইসব খোঁড়াখুঁড়ির সময় যেসব খানাখন্দতে পানি জমে যাচ্ছে ফলে নগরবাসীর উপকার থেকে ভোগান্তই হচ্ছে বেশি। রাজধানীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম খালগুলো অবৈধ দখল ও কঠিন বর্জ্যে ভরাট হয়ে আছে। নগরীর খাল, ড্রেন, বক্স কালভার্ট ও ব্রিক স্যুয়ারেজ লাইন দিয়ে পানি নদীতে যেতে পারছে না। এক প্রতিবেদন থেকে দেখা যায়, ঢাকার পার্শ্ববর্তী প্রায় সব নদী ভুগছে অস্তিত্ব সংকটে। শুধু তাই নয়, নদী হারিয়েছে তার স্বাভাবিক অবস্থা ফলে ঢাকায় বৃষ্টির পানি সরে যাওয়ার প্রাকৃতিক ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। এই অভিশাপ দূর করতে সরকারের পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে। ঢাকার জলাবদ্ধতার অন্যতম কারণ পলিথিনের যথেচ্ছ ব্যবহার, বিভিন্ন সময় দেখা যায় মানুষ ঘরের জানালা দিয়ে পলিথিনের ব্যাগে করে রাতের আঁধারে ময়লা-আবর্জনা রাস্তায় ছুঁড়ে ফেলে, বৃষ্টির সময় সেগুলো ধুয়ে জমা হয় পয়ঃনিষ্কাশন পাইপ কিংবা নালার মুখে। এতে পানি নিঃসরণের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। এই অবাধে পলিথিনের ব্যাবহার বন্ধ করতে হবে। যেখানে সেখানে যত্রতত্র চিপসের খালি প্যাকেট কোমাল পানীয়র বোতল ফেলা যাবেনা। রাজধানীকে জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে হলে খালগুলোকে উদ্ধার করে টেকসই পানিপ্রবাহ নিশ্চিত করা জরুরি তাই সরকারকে সব খাল, পুকুর, ডোবা, জলাশয় অবৈধ দখলমুক্ত করে সংস্কার করতে হবে, তারপর সেগুলো পুনরায় খনন করতে হবে। এইসব পদক্ষেপ গ্রহণ করলেই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। নয়তো এই বর্ষা মৌসুমেও জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবেনা না রাজধানীবাসী।