দিঘলিয়া উপজেলার পথের বাজারের তিনটি দোকানের চালার টিন কেটে দোকানে চোর ঢুকে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মোবাইলসহ মালামাল নিয়ে অবাধে পালিয়ে যায়।
বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মার্চ গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ও সেনহাটি ইউনিয়নের পথের বাজারের নৈশ প্রহরীদের দৃষ্টির আড়ালে বাজারে ঢুকে তিনটি দোকানের চালার টিন কেটে দোকানের ভেতরে ঢুকে নগদ টাকা, দামী বোবাইল ফোনসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চোরেরা হেদায়েত এ- মোবাইল ও মোবাইল ব্যাংকিংয়ের দোকান থেকে নগদ ৮০ হাজার টাকা সহ মোবাইল ফোন ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। চোর চক্র রফিকের নতুন মোবাইল বিক্রি ও রিপিয়ারিং শপ ও মোস্তফার বইয়ের দোকানে ঢুকে নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল নিয়ে অবাধে পালিয়ে যায়। পথের বাজার বণিক সমিতির সভাপতি বিএম আলম এ প্রতিবেদককে জানান, এ বাজারে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও বার বার বাজারে চুরি সংঘটিত হওয়া দুঃখজনক। আমি সকালে বাজারে এসে চুরি হওয়ার ঘটনা শুনে দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করি। দিঘলিয়া থানা পুলিশ ও সেনহাটি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, দিঘলিয়া উপজেলার পথের বাজারে এভাবে একাধিকবার চুরি সংঘটিত হয়েছে। উপজেলার সেনহাটি বাজার, বারাকপুর বাজার ও সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ৩টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোর শনাক্তও হয়েছে। চোর ধরাও পড়েছে। কেউ আইনের আশ্রয় না নেওয়ার কারণে এলাকার প্রভাবশালীমহলের মধ্যস্থতায় পার পেয়ে যায়।