আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকুল সংরক্ষণের প্রতি গণসচেতনতা বাড়াতে প্রতি বছর এ দিবস" পালিত হয়ে থাকে। এছাড়াও এই বিশেষ দিনে বন্যপ্রাণী ও উদ্ভিদদের রক্ষার্থের গৃহীত হয় নানা রকম পদক্ষেপ ও পালিত হয় বিভিন্ন আলোচনা সভা। ২০১৪ সাল থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো প্রতি বছরের ৩ মার্চ এ দিবসটি পালন করে আসছে। ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই দিবসের ঘোষণা করা হয়। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের এক প্রতিবেদন অনুযায়ী, ১৯৭০ সাল থেকে বিশ্বে এখন পর্যন্ত বন্যপ্রাণীর সংখ্যা কমেছে দুই-তৃতীয়াংশ। এই সময়ে বাংলাদেশের ভূখন্ড থেকে হারিয়ে গেছে ৩১ প্রজাতির প্রাণী। এছাড়াও দেশে অন্তত ২১৯ প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন। এই তালিকায় আছে উভচর সরীসৃপ ও পাখি ছাড়াও স্তন্যপায়ী প্রাণী। বন বিভাগের এক হিসেবে ৪২ প্রজাতির উভচরের মধ্যে বর্তমানে ৮টি, ১৫৮টি প্রজাতির সরীসৃপের মধ্যে ৬৩টি, ৭৩৬টি প্রজাতির পাখির মধ্যে ৪৭টি, ১২৪টি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ৪৩টির অস্তিত্ব হুমকির মুখে আছে। সুন্দরবনে গত ১৯ বছরে ৩১ বার আগুন লাগায় পুড়ে গেছে প্রায় ১০০ একর বনভূমি। এসব অগ্নিকাণ্ডে একরের পর একর বনভূমির গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়েছে। মারা গেছে বিভিন্ন প্রজাতির জীবজন্তু। পাশাপাশি আবাসস্থল হারিয়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। বন্যপ্রাণীরা নিজেদের অন্দরমহলেও নিরাপদ নয়। প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় ‘মানুষ’। ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ এ উক্তি প্রায় সবারই জানা। তার পরেও প্রতিনিয়তই প্রাণী হত্যাসহ বিভিন্ন অপকর্মর কথা সংবাদ উঠে আসে। অর্থাৎ এ প্রতিপাদ্য বুঝিয়ে দিচ্ছে প্রাণীর সঙ্গে বন-পরিবেশও বিপন্ন হচ্ছে। এমন পরিস্থিতির মধ্য দিয়েই আজ বিশ্বে বন্যপ্রাণী দিবস পালিত হবে। মানুষের খাদ্য, বস্ত্র ও ওষুধ- এই প্রধান তিনটি প্রয়োজনীয় উপাদান জীববৈচিত্র্য থেকে আসে। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা, বনভূমি ধ্বংস, অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর জীববৈচিত্র্যই হুমকির সম্মুখীন। তাই বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। আসুন আমরা বন্যপ্রাণী সম্পর্কে নিজেদের সচেতন করে তুলি এবং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যত্নবান হই। পরিবেশগত, জিনতাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, শিক্ষা বিষয়ক, সাংস্কৃতিক, বিনোদনমূলক এবং নান্দনিক বিষয়ের সাথে যুগসই উন্নয়ন ও মানব কল্যাণের দিকে গুরুত্বরোপ করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য যাতে বন্য প্রজাতিদের টিকে থাকতে হুমকি হয়ে না দাঁড়ায়-সেদিকে খেয়াল রাখতে হবে এমনকি এ পশু শিকার বা পাঁচারের পিছনে কারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। সেজন্যে সচেতনতা বৃদ্ধিতে সাধারণ জনগণের পাশাপাশি সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি। তাহলেই হয়তো বন্যপ্রাণী ও উদ্ভিদকুল রক্ষা করা সম্ভব।