খুলনার পাইকগাছায় ইউপি সদস্যদের বিরুদ্ধে দুস্ত মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) কার্ডের জামানতের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাড়-লী ইউপি সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগটি মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানে হয়েছে। অভিযোগ, উপজেলার রাড়-লী ইউনিয়নের অসহায় দরিদ্ররা প্রতি মাসে ৩০ কেজি করে ভিজিডির চাল পেয়ে আসছেন। যার মেয়াদ দুই বছর। তাদের নিকট থেকে প্রতি মাসে জামানত হিসাবে ২শ টাকা রাখা হয়। দুই বছর পূর্ণ হলে কার্ডটি বাতিল করে জামানতের টাকা ফেরৎ দেয়ার হয়। কিন্তু জামানতের টাকা চাইতে গেলে ইউপি সদস্য মফিজুল ইসলাম ২নং ওয়ার্ড, ইলিয়াস হোসেন ৩নং ওয়ার্ড ও ছহিল উদ্দীন ৪নং ওয়ার্ড সম্পূর্ণ টাকা ফেরৎ চাইলে ভয়ভীতি এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় বলে ভুক্তভোগী সেলিনা খাতুন জানান। উপায় না পেয়ে রোববার বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারীরা জামানতের টাকা ফেরৎ পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন। ইউপি সদস্য ইলিয়াস হোসেন বলেন, যাদের যেমন জমা হয়েছে তাদেরকে তেমন টাকা দেয়া হচ্ছে। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমার সময় ইউনিয়ন পরিষদে ১৪ মাসের টাকা জমা রয়েছে। বাকি ১০ মাসের টাকা সাবেক চেয়ারম্যান হিসাব দিবেন। হতদরিদ্র কার্ডধারীদের টাকা ইউপি সদস্যরা দিতে বাধ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে দিয়েছি। টাকা আত্মসাতের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।