খুলনার পাইকগাছায় গড়ইখালীতে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে চুরির অপবাদে বয়স্ক দু’ভাই-বোনকে পিলারে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। স্থানীয় ফাঁড়ি পুলিশের সহযোগীতায় তাদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের পূর্বকুমখালী গ্রামের রনজিৎ বর্মণ অসুস্থ্যজনিত কারণে ভারতে চিকিৎসা নিতে যান। তার আগে তার বাড়ির দেখা-শুনাসহ ঘরের চাবি পরিতোষ বর্মণের নিকট রেখে যান। সম্প্রতি ঐ বাড়ির ধান চুরিকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারী দুপুরে স্থানীয় ইউপি সদস্য রমেশ বর্মণের উপস্থিতিতে জনৈক পরিতোষ বর্মণ, রামপদ বর্মণ, শ্যামপদ বর্মণ, গোবিন্দ বর্মণ একত্রে মৃত শশধর বর্মণের ছেলে অজিত বর্মণ (৫৫) ও তার আরেক বৃদ্ধা বোন হিরামতিকে পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে। এ সময় তারা সংজ্ঞা হারিয়ে ফেলেন। খবর পেয়ে স্থানীয় গড়ইখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে এসে ভাই-বোনকে উদ্ধার করেন। এরপর তাদেরকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ইউপি সদস্য রমেশ বর্মণের মুঠোফোনে ফোন দিয়েও না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জিয়া বলেন, ঘটনার খবর শুনেছেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।