পাবনার চাটমোহরে বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সোলা গ্রামের মোতাহার আলীর ছেলে সেলিম (২৫),বাসাইল উপজেলার আতাজান গ্রামের ফরিদ মিয়ার ছেলে রাব্বি হোসেন (২৫) ও চাটমোহর পৌরসভার নারিকেলপাড়া মহল্লার হিরা মিয়ার ছেলে রাব্বি মিয়া (২৬)। দূর্ঘটনাটি ঘটে চাটমোহর-পাবনা সড়কের পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর পাশের ব্রিজের উপর।
প্রত্যক্ষদর্শীরা জানান,একটি মুরগীর পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে উল্টে যায় একটি অটোভ্যান। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে সজোরে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে গিয়ে আহত হন। তাদের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানান। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওছিম উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।