খুলনার পাইকগাছায় দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের অভিযোগে থানায় অপহরণ মামলা হয়েছে। পুলিশ অপহৃত ঐ ছাত্রীকে উদ্ধারের পর রোববার সকালে ডাক্তারী পরিক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, উপজেলার গড়-ইখালী ইউনিয়নের মেয়ে নানাবড়ি লস্কর ইউনিয়নে পড়ালেখা করেন। লস্করের আনিছুর রহমানের ছেলে রকিবুল ইসলাম ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। তবে তার প্রস্তাবে মেয়েটি সাড়া না দেয়ায় গত ১১ ফেব্রয়ারী রকিবুল তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ব্যাপক খোঁজা-খুজির পর তাকে কোথাও না পেয়ে গত শনিবার থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। এরপর থানা পুলিশ উন্নত প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান চিহ্নিত করে রকিবুলের বাড়ি থেকে ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করে। ঘটনার মূল নায়ক রকিবুলসহ ৫ জনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জিয়া জানান, অপহরণ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।