নাটোরের সিংড়ায় মোটর সাইকেলের গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে জয় আলী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের সোনার মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ছাত্র উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের আবুল কালামের ছেলে ও নাজিরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। আর আরোহী জজ মিয়াকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই গ্রামের আয়নাল হকের ছেলে ও সিংড়া দমদমা পাইলট স্কুল এ- কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
চামারী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের জয় আলী ও তার বন্ধু জজ মিয়া মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে সোনার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালে ধাক্কা খায়। এতে দুই বন্ধু গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক জয় আলী কে মৃত ঘোষণা করেন। আর তার বন্ধু আরোহী জজ মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নিহতের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।