নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে ও নগরবাসীর কাঙ্খিত তথ্যসেবা নিশ্চিত করতে দেশের সকল সিটি করপোরেশনের মধ্যে প্রথম বারের মতো কমান্ড এন্ড কন্ট্রোল ও কল সেন্টার চালু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনের ৬১২নম্বর কক্ষে স্থাপিত এই আধুনিক কমান্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে ফলক উন্মোচন ও রিমোটের মাধ্যমে গেট উন্মোচন করে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কল সেন্টার উদ্বোধনের পর সেখানে বসে নিজেই নাগরিকদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাসিক মেয়র।
এ বিষয়ে মেয়র লিটন সাংবাদিকদের জানান, এখন থেকে ১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা ও রাসিকের কার্যক্রমের বিভিন্ন তথ্য। জানানো যাবে যেকোন সমস্যা, অভিযোগ ও পরামর্শ। আর কমান্ড এন্ড কন্ট্রোল রুম থেকে রাসিকের নিজস্ব স্থাপনা সমূহের সিসি ক্যামেরা মনিটরিং করা যাবে। এটি দেশের সকল সিটি করপোরেশনের মধ্যে প্রথম বারের মতো এই সেবা চালু করা হলো বলেও উল্লেখ করেন মেয়র লিটন। ফলে এখন থেকে রাজশাহী সিটির নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। প্রথম অবস্থায় সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অধীনে দুই শিফটে ৬ জন অপারেটর এই কাজে নিয়োজিত থাকবেন। পরবর্তীতে ২৪ ঘন্টা এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
রাসিক মেয়র বলেন, এ ছাড়া কমান্ড এন্ড কন্ট্রোল রুম থেকে এখন রাসিকের নিজস্ব স্থাপনা সমূহের সিসি ক্যামেরা মনিটরিং করা হবে। ভবিষ্যতে পুরো নগরীকে সিসি ক্যামেরা আওতায় এনে এখান থেকে মনিটরিংয়ের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, রাসিকের সচিব মো. মসিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রোগ্রামার রেজাউনুল হুদাসহ রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।