রাজশাহীর বাঘায় শিশু ঈশা খাতুন হত্যার নেপথ্যে রয়েছে মাদক। ঈশার কানে স্বর্ণের দুল ছিল। কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন মন্তব্য করেন বাঘা থানার উপপরিদর্শক প্রজ্ঞাময়। তিনি জানান, মাদক সেবীরা টাকা জোগাড় করতে শিশু ঈশাকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। জানুয়ারী মাসে থানায় ২৪টি মামলার মধ্যে ১৮টি মামলাই হয়েছে মাদক সংক্রান্ত। বিভিন্ন মামলার ১২৫ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এরমধ্যে ৬৮ জন মাদক মামলার আাসামী।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। বক্তব্য রাখেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহামুদুল রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মোকাদ্দেস, রিজিয়া আজিজ সরকার, সকল ইউপি চেয়ারম্যান প্রমুখ।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারী আড়ানী রেলস্টেশন সংলগ্ন নুরনগর গ্রামে বাড়ির পাশে থেকে ঈশা নিখোঁজ হয়। নিখোঁজের আট দিন পর ৯ ফেব্রুয়ারী আড়ানী ইক্ষু ক্রয় কেন্দ্রের পাশে গম খেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। শিশু ঈশা খাতুন (৫) উপজেলার আড়ানী পৌর এলাকার আড়ানী রেলস্টেশন সংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর কন্যা।