বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) জ্ঞানকে কাজে লাগিয়ে পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে শিক্ষার্থীদের সম্পৃক্ততা জোরদারকরণ নিয়ে রংপুরে সংলাপ হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে আরডিআরএস মিলনায়তনে সংলাপে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল মান্নান। এডুকেশন এ- কালচারাল সোসাইটির প্রধান নির্বাহী কাজী নাসরিন সিদ্দিকার সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপণ্ডপরিচালক শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহযোগি অধ্যাপক জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, আইসিটি ফরই ডিস্ট্রিক অ্যাম্বসেডর ফোরামের টিম লিডার জাকির হোসেন।
সংলাপে জানানো হয়, একুশ শতকের দক্ষতা হিসেবে মানুষের মাঝে সহযোগিতার মনোভাব, সৃজনশীলতা, যোগাযোগ, সমালোচনামূলক চিন্তা ভাবনার গুনাগুন আবশ্যক। তাই দেশের পিছিয়ে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ক জ্ঞান চর্চা বাড়ানোসহ বাস্তবমূখী প্রয়োগের ক্ষেত্র তৈরী করতে হবে। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ সুরক্ষার কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ইনভারমেন্টাল এডুকেশন পরিবেশ সুরক্ষায় পুরস্কার প্রদান করছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে রংপুরের শিক্ষার্থীরা এসটিইএম জ্ঞানকে কাজে লাগাতে পারলে তারাও পরিবেশ সুরক্ষায় ভাল দক্ষতা অর্জনসহ বিশ্বে নিজেদেরকে তুলে ধরতে পারবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তারা অগ্রনী ভূমিকা পালন করতে পারে। এডুকেশন এ- কালচারাল সোসাইটির উদ্যোগে এবং আইসিটি ফরই ডিস্ট্রিক অ্যাম্বসেডর ফোরামের সহযোগিতায় এ সংলাপে রংপুরের ২০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নেন।