কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন সিঙ্গারডাবরিহাট স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি। ফলে এলাকাবাসী ও অভিভাবকগণ ওই প্রতিষ্ঠানের কলেজ শাখার ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন। জানা গেছে, গত ২০২০-২১শিক্ষাবর্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখা থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ৮ ফেব্রুয়ারী এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে জানা যায়, ওই প্রতিষ্ঠানটি থেকে কোন শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। শুক্রবার (১০ফেব্রুয়ারি) এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, আমাদের কলেজ এমপিও হয়নি। এ ছাড়া এবারে ফলাফলে কলেজ শাখা থেকে কেউ পাস না করায় আমার মন আরো খারাপ হয়েছে। রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানটির মানবিক বিভাগ থেকে ৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও কেউ পাস করতে পারেনি।