মাদক ও সন্ত্রাস থেকে দুরে থাকতে ক্রীড়াঙ্গণের ভূমিকা অপরিসীম উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল রাজশাহী চ্যালেঞ্জার্স ও রানার আপ দল নর্দান টাইটান্স দলের খেলোয়াড়, কর্মকর্তাদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন রাসিক মেয়র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের রয়েছে গৌরবজ্জল সাফল্য। রাজশাহীতে ক্রিকেট, হকি, ফুটবলসহ বেশ কয়েকটি ক্রীড়া একাডেমি রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে খেলোয়াড় তৈরি হচ্ছে। এজন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।
লিটন আরো বলেন, রাজশাহীতে ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আরও সহযোগিতা করা হবে।
ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির পরিচালক খালেদ মাসুদ পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আনিসুর রহমান। ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি আয়োজিত অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বশাক, জাতীয় ক্রীড়া পরিষদ রাজশাহীর উপণ্ডপরিচালক আয়েশা বেগম, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজী উপস্থিত ছিলেন বলে মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।