মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির বাকি আর মাত্র একটা দিন। আর এসময়ই স্মরণ করে দেয় বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর কথা। সাদা রাজহাঁসে চেপে মর্ত্যে আসেন দেবী সরস্বতী। আর দেবীকে বরণ করে নিতে চাঁদপুরের মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা নির্মাণসহ সাজ-সজ্জার কাজ। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যার দেবী সরস্বতীর পূজা। পূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ শেষ। পূজা ঘিরে আয়োজনও শেষের পথে। চাঁদপুর শহরের কালীবাড়ী মন্দির, গোপাল জিউর আখড়া, পুরানবাজার হরিসভা মন্দির ঘুরে দেখা যায়, প্রতিমা শিল্পীরা তাদের কল্পনায় সরস্বতী দেবীকে অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর পরিশ্রম করছেন।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, স্বরস্বতী পূজাকে ঘিরে এখন হিন্দু পাড়া মহল্লা গুলোতে আগাম উৎসবের আমেজ বইছে। কেননা সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।
ধর্মীয় ভাব-গাম্ভীর্য বজায় রেখে পূজা-অর্চনা এবং পরবর্তীদিন আনন্দ শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। কেন্দ্রীয় এবং প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী শব্দযন্ত্রের মাত্রা সহনীয় পর্যায়ে রাখতে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ হতে পূজার্থীদেরকে সবিনয়ে অনুরোধ জানানো হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, আগামী ২৬ জানুয়ারি স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। জেলার সবকটি মন্দিরে সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে স্বরস্বতী পূজার প্রস্তুতি নিচ্ছে। আমাদের পক্ষ থেকে সনাতনী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ও সমন্বয় রয়েছে। জেলা পুলিশ পূজার নিরাপত্তায় মাঠে তৎপর থাকবে।