ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়ার কৃষক মনির উদ্দিন। গরুর দুধ বিক্রি করেই চলে তার সংসার। মঙ্গলবার রাতে গাভীসহ তিনটি গরুকে টিনের গোয়াল ঘরে তালা দিয়ে তিনি ঘুমাতে যান। গভীর রাতে তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল তার সব গরু চুরি করে নিয়ে যায়। মনির উদ্দিন সকালে উঠে দেখেন তার গোয়াল ঘর শূন্য। এ সময় যেন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।
এলাকার মানুষ তাকে শান্তনা দিয়েও শান্ত করতে পারছে না। স্থানীয় লোকজনের পরামর্শে সকালের দিকে তিনি চুরির অভিযোগ দিতে থানায় ছুটে যান। কিন্তু থানায় এসে দেখেন তার চুরি হয়ে যাওয়া গরুগুলো একটি পিকআপ ভ্যানের সাথে বাধা। এ সময় তিনি বার বার উপরওয়ালার কাছে হাত তুলে শুকরিয়া আদায় করছেন।
পুলিশ জানায়, বুধবার ভোররাতে থানার টহল পুলিশ আখাউড়া-চান্দুরা সড়কের পৌরশহরের রেল গেইট এলাকা থেকে চোরাইকৃত তিনটি গরুবোঝাই একটি পিকআপ ভ্যান জব্দ করে। এসময পুলিশ ভ্যন চালক কিবরিয়া হোসেন ফয়সালকে(২৪) আটক করে থানায় নিয়ে আসে। ফয়সাল সদর উপজেলার মধ্যপাড়ার আবদুর রহিম মিয়ার ছেলে। পরে পুলিশ তার দেয়া তথ্যমতে জেলার পাশ্ববর্তী বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে চোরাইকৃত আরো চারটি গরুসহ মোঃ মালেক (২১) নামের আরো এক যুবককে আটক করে। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন, আটককৃতদের মামলাসহ আদালতে সপোর্দ করা হবে। উদ্ধারকৃত গরুগুলো মালিকদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।