কিশোরগঞ্জের নিকলীতে বাড়ীর সীমানার রাস্তাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আহত হয়েছে ৭ জন। আহতরা হলেন, সোহেল মিয়া (৪০), শাহিন মিয়া (২২) ওমন খান (৩০) আউলিয়া খাতুন (৬৫), আম্বিয়া খাতুন (৪০), সালমা আক্তার (২৫)। এদের মধ্যে শাহীন মিয়া, আমিয়া খাতুন, সালমা আক্তার, আউলিয়া খাতুনকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হইয়াছে এবং বাকীদের নিকলী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গত শনিবার দিবাগত রাতে নিকলী থানা পুলিশ সদর ইউনিয়নের কুর্শা মালিভিটা গ্রামের মোঃ ওমর খান (৩) ও তার ছোট ভাই রাইম খান (২২) কে গ্রেপ্তার করেছে। এলাকাবাসীসূত্রে জানা যায়, নবাব, মেরাজ, তৌহিদ ও পারভেজ গংরা দীর্ঘদিন ধরে ওমরগংদের বাড়ীর সীমানার রাস্তার জায়গা দখল করার জন্য চেষ্টায় লিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় নবাব গং এর মেরাজ, তৌহিদ, পারভেজসহ ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালালে এ ঘটনার সূত্রপাত হয়। এ বিষয়ে উল্টো নবাবের গংরা বাদী হয়ে ওমর খান, রাইম খান, শামীম মিয়া, সোহেল মিয়াকে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করেন।