রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক মোহাম্মদ আলী (৬৫) নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী রিপন আলী ও তার বন্ধু শাওন হোসেন আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার বানিয়াপাড়ার আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত কছের আলী ছেলে মোহাম্মদ আলী ভ্যান নিয়ে ফরাজিপাড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। ভ্যান নিয়ে বানিয়াপাড়ার আমতলা মোড়ে পৌছলে অপর দিকে থেকে আসা দক্ষিন মিলিকবাঘা গ্রামের মহিবুর রহমানের ছেলে মোটরসাইকেল আরোহী রিপন আলী ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ও মোটরসাইকেল আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। ভ্যান চালকের অবস্থা বেগতিক দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌণে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাঘা থানার এসআই মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।