বিশ্বে যখন খাদ্য সংকটের ভয়াবহ বার্তায় অস্থির, ঠিক তখন নতুন বছরের আগের দিন বাংলাদেশের প্রধান খাদ্য চালের কোনো সংকট নেই বলে বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউটের এক গবেষনার প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন বলছে, এ বছর আমনের উৎপাদন সব রেকর্ড ছাড়িয়ে ১ কোটি ৬৩ লাখ টন হবে। বোরো ২ কোটি ৪ লাখ টন ও আউশ ৩০ লাখ টন ধরে মোট উৎপাদন হবে ৩ কোটি ৯৭ লাখ টন। দৈনিক জনপ্রতি ৪০৫ গ্রাম করে চালের ভোগ হিসাব করলে ১৭ কোটি মানুষের জন্য বছরে চালের প্রয়োজন হবে ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার টন। প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনের কাঁচামাল ও প্রানিখাদ্য (নন-হিউম্যান) হিসেবে ১ কোটি ৩ লাখ ৭০ হাজার টন ব্যবহার হবে। সুতরাং এরপর উদ্বৃত্ত থাকবে ৪২ লাখ টন।
চালের প্রাথমিক স্তর ধান উৎপাদনে বিশেষ সফলতা দেখা গেলেও বাজারে চালের দাম কমে নি। বরং সময়ের ব্যবধানে বেড়েছে। বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও সরকারের মন্ত্রীরা কথার ফুলঝুরি ছড়িয়েছেন। তবে গবেষণাপত্রে চালের দাম বৃদ্ধির পেছনে চাল কলের মালিক ও খুচরা বিক্রেতাদের অতিরিক্ত মুনাফার কথা বলা হয়েছে। চাল কলের মালিকেরা কেজিতে ৮-১৪ টাকা লাভ করছেন। কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও কিছুটা বেড়েছে। অন্যদিকে কর্পোরেট গ্রুপগুলো চালের বাজারে ঢুকে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে ধান উৎপাদন করলেও তারা পাঁচ্ছে না ধানের ন্যায্য মূল্য। অথচ তাদের উৎপাদিত ফসলের দাম ইচ্ছে মতো বাড়িয়ে টুপাইস কামিয়ে নিচ্ছেন অন্যরা।
দেশ স্বাধীন হবার সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। আজ একান্ন বছর পর সাড়ে ১৬ কোটি মানুষ। তখন সংকট ছিল খাদ্যসহ জীবনমান উন্নত করার রসদ গুলোর। কিন্তু সময়ের ব্যবধানে উৎপাদন বেড়েছে সব কিছুর। চাষাবাদ প্রযুক্তি নিভর হয়ে উঠেছে। এখন বিশে^ চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে। বিশে^ খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সব জমি কৃষি কাজের আওতায় আনার আহবান জানিয়েছেন। এক চিলতে জমিও যেন পড়ে না থাকে। নিজেদের খাদ্য নিজেরা তৈরি করবো, পরের দিকে তাকিয়ে থাকবো না। প্রধানমন্ত্রীর আহবান যথাযথ এবং সময়োপযোগী। তবে সময়ের ব্যবধানে প্রতিদিন কমছে কৃষিজমি। বর্ধিত জনসংখ্যার আবাসন ও শিল্প কারখানা স্থাপনের জন্যে জমির ব্যবহারে কৃষি জমির পরিমাণ কমছে।
আজ সময়ের প্রয়োজনে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সংরক্ষণ করতে হবে কৃষি জমি। সেই সাথে কৃষককে দিতে হবে তার উৎপাদিত ফসলের দাম। তার উৎপাদিত ফসল নিয়ে অন্যরা যাতে আঙুল ফুলে কলা গাছ হতে না পারে সে ব্যবস্থা করতে হবে। যদি তা কেউ করার চেষ্টা করে তবে তাদের আইনের আওতায় এনে পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে হবে। নতুন বছরে সবাই পেট পুরে অন্ন পাক। উৎপাদন আরো বাড়ুক।