সুন্দরবন পশ্চিম বন বিভাগের অধীনস্থ নীলকমল বন টহল ফাঁড়ীর বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পোনা ধরার অপরাধে দুটি ইঞ্জিন চালিত ট্রলার সহ ১৬ জেলে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গতকাল ৫ জানুয়ারী ভোর সাড়ে ৪টার দিকে নীলকমল টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এইসকল ট্রলার সহ জেলেদের আটক করা হয়। আটক জেলেরা হলেন, পাইকগাছা উপজেলার মিঠু গাজী, আবদুর রাজ্জাক টুটুল, ইসলাম গাজী, এনামুল গাজী, আলী হোসেন, আল-আমীন, নুরুজ্জামান, রুহুল আমিন মোল্যা, লিটু গাজী। দাকোপ উপজেলার রুবেল গাজী, আলিহাসান শেখ, জাহাঙ্গীর শেখ, ইউসুফ শেখ, ফজলুর রহমান ও বাচ্চু ফকির। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।