নতুন বছর ২০২৩-এ বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। এমনকি আইএমএফ বলছে, যেসব দেশ মন্দায় পড়বে না, সেখানেও কোটি কোটি মানুষ মন্দা অনুভব করবে। ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তৃতি বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করায় এমনটা হতে যাচ্ছে। নতুন বছরে দেশের অর্থনীতিকে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এগুলোর কম-বেশি আভাস ছিল আগেই। তবে নতুন করে আরও এই আভাস দুশ্চিন্তাকে বাড়িয়ে তুলছে। বস্তুত অর্থনীতিতে সংকট চলছে বিশ্বব্যাপী। মহামারির আঘাত সামাল দিতে না দিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে নতুন নতুন সংকট সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের দেশের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ব্যাংক ও আর্থিক খাতেরও সংকট বেড়েছে। জানা যায়, নতুন বছরে দেশে ডলার সংকট চলমান থাকবে, এর বিপরীতে টাকার আরও অবমূল্যায়ন হবে; বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ আরও বাড়তে পারে। পাশাপাশি মূল্যস্ফীতিতে বাড়তে পারে চাপ। আমদানি কমায় শিল্প খাতে সংকট আরও প্রকট হতে পারে। সম্প্রতি নতুন শিল্প স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ কমেছে। এর প্রভাব পড়বে কর্মসংস্থানে। নতুন বছরে দেশকে সবচেয়ে বড় চাপে থাকতে হবে বৈদেশিক ঋণ পরিশোধ নিয়ে। গত বছরের শেষদিকে দেশের অনেক ব্যাংক ডলার সংকটের কারণে বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারেনি। সেগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকও স্বল্পমেয়াদি ঋণ পরিশোধের সীমা আগামী জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রায় দেড় হাজার কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। এতে রিজার্ভের ওপর চাপ বাড়বে। এতে বিনিময় হারে অস্থিরতা দেখা দিতে পারে। বর্তমানে দেশের অর্থনীতিতে যেসব সংকট বিরাজমান, সেগুলো অল্প সময়ের ব্যবধানে তীব্র আকার ধারণ করেনি। অর্থনীতিবিদরা দেশের অর্থনীতির সংকটকে ক্যানসারের সঙ্গে তুলনা করেছেন। প্রাথমিক পর্যায়ে এ রোগ নির্ণয় করা সম্ভব না হলে শরীরে যেমন বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে, তেমনি দেশের অর্থনীতির সংকটগুলো তীব্র আকার ধারণ করার আগেই কার্যকর পদক্ষেপ নিতে হয়। তা না হলে এক খাতের সংকট অন্য খাতেও ছড়িয়ে পড়ে; যা সার্বিক অর্থনীতির জন্য হুমকি সৃষ্টি করে। জ্বালানি সংকট, আমদানিনির্ভরতা-এসব কারণে দেশে প্রত্যাশিত মাত্রায় মূল্যস্ফীতি কমানো এক বড় চ্যালেঞ্জ। কাজেই আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে। অনাবশ্যক ও বিলাসী পণ্য আমদানি সীমিত বা বন্ধ করার উদ্যোগও নেওয়া দরকার। সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচনের যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম রোধে কর্তৃপক্ষকে জোরালো তদারকি অব্যাহত রাখতে হবে। রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর উদ্যোগগুলো বাস্তবায়নে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে মেধানির্ভর কর্মীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের ফলে দেশের অর্থনীতি যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। দেশের সব সম্পদ যথাযথভাবে কাজে লাগানোর পদক্ষেপ নেওয়া না হলে চলমান সংকটগুলো সফলভাবে মোকাবিলা করা কঠিন হতে পারে।