নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে ২ একর ৪১ শতক জমির বোরোধানের বীজতলা, কলাগাছ ও সরিষার ক্ষেত নষ্ট করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে। এ ঘটনায় ওই রাতেই জমির মালিক ভুক্তভোগী নুরুন্নবী বাদী হয়ে থানায় ১৫ জন নামীয় ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করলে রাতেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বালিচাঁদ গ্রামের নুর হোসেনের ছেলে রুবেল (২৪), মৃত শামসুলের ছেলে রাব্বুল (৩৫) ও মৃত নুরুল হকের ছেলে সুজন(২৬)। মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২ জানুয়ারি) সকালে বালিচাঁদ গ্রামে নুরুন্নবী ও আবদুল লতিফের ভোগদখলে থাকা ২ একর ৪১ শতক জমির ওপর বালিচাঁদ গ্রামের আবদুর রাজ্জাক, শরিফ, লুৎফর রহমান, মোতালেবসহ আরও ২০-২৫ জন দলবদ্ধ হয়ে জমিতে থাকা ৩০ টি ইউক্যালিপটাস গাছ, বোরো মৌসুমের ৪০ বিঘা জমির বীজতলা ও প্রায় ১ বিঘা জমির সরিষা নষ্ট করে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগীদের প্রায় ৪-৫ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়।
প্রত্যক্ষদর্শী বালিচাঁদ গ্রামের শাহীন আলম বলেন, সকালে লোকজনের হাঁকডাক শুনে ওই জমিতে গিয়ে দেখি আবদুর রাজ্জাকের নির্দেশে ২০-২৫ জন ওই জমিতে থাকা ৩০ টি গাছ, সরিষা ক্ষেত, কলাগাছ, বোরোধানের বীজতলার ওপর পাওয়ার টিলার চালিয়ে সব নষ্ট করে ফেলে। আবদুল হামিদ বলেন, পৈত্রিক সূত্রে থেকে নুরুন্নবী ও আবদুল লতিফের জমিতে এ ধরনের ঘটনা ঘটবে তা চিন্তা করতে পারি নি। তাদের এ জমিতে একসময় পাড়ার লোকজনের সাথে ঝামেলা ছিল। কিন্তু এখন কোন ঝামেলা নেই। তারপরও এমন ঘটনা দুঃখজনক। ভুক্তভোগী জমির মালিক নুরুন্নবী জানান, ১৯৬৩ সালে জমিটি নিয়ে মামলা শুরু হয়ে ১৯৯৩ সালে কোর্টের রায়ে জমি আমাদের বুঝে দেয়। কিন্তু হঠাৎ করে এ কেমন শত্রুতা তা বুঝে উঠতে পারলাম না। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।