প্রতিদিন কমছে তাপমাত্রা। সন্ধ্যার পর ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে প্রকৃতি। সকালেও কুয়াশার কারণে অন্ধকার চারদিকে। গাড়ি চলছে হেড লাইট জ¦ালিয়ে। দেশের উত্তরাঞ্চলে শীতে জনজীবন কাবু হয়ে গেছে, বাড়ছে রোগ বালাই। হাসপাতাল গুলোয় শিশু ও বয়স্কদের আশ্রয় হচ্ছে নানা রোগের চিকিৎসার জন্য। ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পিড়াসহ নানা রোগে হাসপাতাল গুলোর সক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে।
দিনাজপুর, নওগাঁ, কুড়িগ্রাম, গাইবান্ধা, চুয়াডাংগাসহ উত্তরের অধিকাংশ জেলায় শীতের প্রকোপ বেড়েছে। কিন্তু ঘরে বন্দি থাকতে পারছেন না শ্রমজীবী মানুষ। তারা শীতকে উপেক্ষা করে কাজের জন্য বের হলেও তারা কাজ পাচ্ছেন না। অথচ শীতে কষ্ট করছেন। কোথাও কোথাও আগুন জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্থ মানুষ। কৃষি জমিতে কৃষকরা শীতের কারণে কাজ করতে পারছেন না। শীতে তীব্রতায় জবু থবু অবস্থা। এসব শ্রমজীবী মানুষের নুন আনতে পান্তা ফুরবার অবস্থা সেখানে শীত বস্ত্র কিনবে কি করে ?
কুয়াশার কারণে নৈশকোচ গুলো গন্তব্যে পৌছাতে দেরি করছে। সাথে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রতি বছর শীতের কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। সম্ভাবনাময় অনেক প্রাণ হারায়। তাছাড়া শীতের তীব্রতার কারণে অনেক বয়স্ক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া যায়। আগুন পোহাতে গিয়ে পুড়ে মরার খবরও রয়েছে। আমরা অনাকাক্সিক্ষত কোনো মৃত্যু সংবাদ পেতে চাই না। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরো বাড়বে।
প্রতিবছরই শীতার্ত মানুষের পাশে সরকার, সরকারি দল ও অন্যান্য রাজনৈতিক দল সহ ব্যক্তি উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। এ বছর এ পর্যন্ত এমন উদ্যোগ চোখে পড়ে নি। তবে ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন। তবে তা প্রয়োজনের তুলনায় কম। সরকার ও সরকারি দল তাদের সম্মেলন আর বিরোধীদল তাদের বিক্ষোভ নিয়ে ব্যস্ত। শীতার্ত মানুষকে নিয়ে ভাবার অবকাশ তারা পাচ্ছেন না। তবে তারা যে উদ্যোগী হবেন না তা ভাবছি না। সময়ের কাজ সময়ে করলে ভোগান্তি অনেক কমে।
জলবায়ু পরিবর্তনের ফলে এখন উত্তরাঞ্চলে গরমের সময় গরমের তীব্রতা বাড়ে আর শীতের সময় শীতে কাবু করে মানুষকে। সেজন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা। সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তো জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন, তবে কেন তা আগাম করা সম্ভব নয়? আমরা মনে করি, দ্রুততম সময়ের মধ্যে সবাইকে শীতার্ত পাশে দাঁড়ানো জরুরি। সেই সাথে হাসপাতাল গুলোয় জরুরি চিকিৎসা ব্যবস্থাও জরুরি।