খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাকডাঙ্গার চেয়ারম্যান মোড় এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক শাজাহান হাওলাদার (৫৮) নিহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভ্যানচালক শাজাহান হাওলাদার ফলতিতা মৎস্য আড়তের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে পড়ে। এতে ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি। মৃত ভ্যান চালক রূপসা উপজেলার পাঁচানী গ্রামের আ. কাদেরের ছেলে। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।