পাবনার চাটমোহরে খ্রিস্টান পাড়ায় বিয়ে বাড়িতে দুই দফা হামলা,লাঞ্ছিত ও মারপিটের ঘটনা ঘটেছে। এনিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে ও গত মঙ্গলবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা খ্রিস্টান পল্লীতে। হামলার অভিযোগ উঠেছে মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের কতিপয় নেতার বিরুদ্ধে। এদিকে খ্রিস্টান পাড়ায় বিয়েবাড়িতে দুই দফা হামলা,ভাঙ্চুর,লাঞ্ছিত ও মারপিটের ঘটনায় মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে চাটমোহর থানায় মামলা হয়েছে। মামলা নং ১৮। মামলার বাদী বিয়ের বর সনি গমেজের কাকা জগতলা গ্রামের জাকব গমেজের ছেলে সুব্রত গমেজ। খ্রিস্টানপাড়ায় হামলা,ভাঙ্চুরসহ মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুলগ্রাম ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে বহিস্কার করেছে উপজেলা যুবলীগ। সাময়িক বহিস্কৃতরা হলেন মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও জগতলা নতুনপাড়া গ্রামের নুর সালামের ছেলে রবিউল করিম (৩৫) ও কার্যনির্বাহী কমিটির সদস্য একই গ্রামের নুরুজ্জামানের ছেলে আমির হোসেন (৩২)। সংগঠণ বিরোধি কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাদের দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হয় বলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাজেদুর রহমান মাস্টারের পরামর্শক্রমে তাদেরকে সাময়িক বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বিয়ে বাড়ির লোকজন সূত্রে জানা গেছে,জগতলা খ্রিস্টান পাড়ার মৃত সুবল গমেজের ছেলে সনি গমেজের সাথে বিয়ের আয়োজন করা হয় গাজিপুর জেলার কালিগঞ্জের লুইস কস্তার মেয়ে বৃষ্টি কস্তার। সোমবার (২৬ ডিসেম্বর) ছিল দু’জনের গায়ে হলুদ। এদিন রাত ১১টার দিকে মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রবিউল করিম ও সদস্য আমির হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল বিয়ে বাড়িতে গিয়ে মহিলাদের উত্ত্যক্ত করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে,তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। হট্টগোল শুরু হলে এলাকার লোকজন বেরিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা চলে যায়। বিয়ে বাড়ির প্রধান সুব্রত গমেজ জানান,রাত ২টার দিকে রবিউল করিম ফের লোকজন নিয়ে বিয়ে বাড়িতে এসে হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করে। এ সময় থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা চলে যায়। সুব্রত গমেজ,বিশাল গমেজ ও এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম জানান,এলাকার লোকজন ও পুলিশের উপস্থিতির কারণে হামলাকারীরা বড় ধরণের কোন ঘটনা ঘটাতে পারে নাই। তবে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে তারা ফের হামলা করে বিয়েতে আসা লোকজনকে মারপিট করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। মঙ্গলবার সকালে হামলা ও মারপিটের শিকার মেয়ে পক্ষের গাজিপুরের কালিগঞ্জের রঞ্জন কস্তার ছেলে রিগ্যান কস্তা ও গোপালগঞ্জের কোটালিপাড়ার শ্যামুয়েল বিশ^াস জানান,তারা সকাল ৯টার দিকে বর-কনে নিয়ে মথুরাপুর ধর্মপল্লীর চার্চে যাচ্ছিলেন। পথিমেধ্যে ১৫/২০ জন তাদের গাড়ি থামিয়ে আতর্কিত হামলা চালিয়ে এলোপাথারাী মারপিট শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। পরে পুলিশ আসে। হামলায় কালিগঞ্জের জন কস্তা,শ্রাবণ কস্তা,বিশাল কস্তা,জ্যাকসন ত্রুজ,প্রত্যয় গমেজ,প্রান্ত কস্তা,রক্সি ক্রুজ,টমাস রিবেরুসহ কয়েকজন মারপিটে শিকার হয়েছে। সুব্রত গমেজ জানান,ঘটনার পর থেকেই বিয়ে বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমরা এঘটনার উপযুক্ত বিচার চাই। শান্তিতে বসবাস করতে চাই। এঘটনার বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান,এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে ইতোমধ্যে বহিস্কার করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানাই। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন,বলেন,এ ঘটনায় মামলা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন শন্ত। আমরা অপরাধিদের গ্রেপ্তার করার চেষ্টা করছি।