গাজপুরের টঙ্গীতে প্রতারণা করে ভুয়া দলিল বানিয়ে জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে হোসেন মার্কেট এলাকায় সংবাদ সম্মেলন করেন জমির মালিক আমেনা জামান।
এতে উপস্থিত ছিলেন এলাকাবাসী নাদিম হোসেন খান, ইকবাল কবির মাস্টার, হালিমা আক্তার সুমি, ফাতেমা বেগম ও মাহফুজা আক্তার প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমেনা জামান জানান, ২০০৬ সালে তার নাবালক সন্তান বাড়ির দোতলার ছাঁদ থেকে পড়ে মৃত্যুবরণ করে। তার স্মরণে টঙ্গীর আউচপাড়া এলাকার ক্রয়কৃত চার কাঠা জমির উপর নির্মিত দোতলা ভবনটি একটি মাদ্রাসা করার জন্য মাওলানা রুহুল আমিনকে দানপত্র করে দেওয়া ইচ্ছে পোষণ করেন। এরপর মাওলানা রুহুল আমিন তার দুর্বলতার সুযোগ নিয়ে কোনো প্রকার টাকা পয়সা না দিয়েই নামমাত্র মূল্য দেখিয়ে একটি ভুয়া দলিল তৈরি করে নেন। এরপর তিনি একটি সাইনবোর্ড ঝুলিয়ে মাদ্রাসার ভেতরে বিভিন্ন রকম অপকর্ম করতে থাকেন। বিষয়টি তাকে অবগত করলে তিনি এলাকার কিছু লোকজনকে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে অপকর্মের সত্যতা পান। পরে তিনি মাদ্রাসাটি তার দখলে নিয়ে নেন। এরপর এলাকায় বেশ কয়েক বার বিচার সালিশ করা হলেও রুহুল আমিন উপস্থিত হননি। এ ঘটনায় তাকে থানায় ডাকা হলেও তিনি সেখানেও অনুপস্থিত থাকেন। এরপর ২০১৩ সালে মামলা করে ভুয়া দলিলটি বাতিল করা হয়। পরে ২০১৫ সালে রুহুল আমিন গাজীপুর আদালতে একটি মিস কেস করেন। সেই মামলায়ও ২০১৬ সালে আদালত আমেনা জামানের পক্ষে রায় দেন। কিন্তু রায় দেয়ার একমাস পর সেই মিস কেস মামলাটি রুহুল আমিন পূর্নজীবিত করেন এবং মামলাটি গোপনে চালিয়ে যান। বিষয়টি জানতে পেরে আইনজীবীর মাধ্যমে আদালতে জোড় আপত্তি জানান আমেনা জামান। এতে রুহুল আমিন ক্ষিপ্ত হয়ে উঠেন এবং প্রতিনিয়ত তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে জমি দখলের বিষয়টি অস্বীকার করে মাওলানা রুহুল আমিন বলেন, এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলব।