কুড়িগ্রমের নাগেশ্বরীতে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক মাদসা সুপারের বিরুদ্ধে। উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা রহমতিয়া দাখিল মাদ্রাসার সুপার নেছার আহম্মেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ বিষয়ে অত্র মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন প্রাক্তন ছাত্রী খাদিজাতুল কোবরা। অভিযাগে জানা যায়, খাদিজাতুল কোবরা দক্ষিণ রামখানা রহমতিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২০ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে নাগেশ্বরী কামিল মাদ্রাসায় আলিম শ্রেণিতে ভর্তি হন। এরইমধ্যে তার দাখিল পরীক্ষার পাসের সনদপত্রে নামের আক্ষরিক ভুল থাকায় সে বিষয়টি মাদ্রাসার সুপার নেছার আহম্মেদকে জানালে তিনি এই সুযোগে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে নেয়। একপর্যায়ে ছাত্রীর আলিম পরীক্ষা চলতি বছরের ৬ নভেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর শেষ হয়। এরই মাঝে ওই সুপারের সাথে তার দুদিন সাক্ষাৎ হয়। এ সময় সুপার তার ভাগনির সাথে পরিচয় করিয়ে দেয়। পরীক্ষার শেষ দিন পরীক্ষা শেষে সুপার তার ভাগ্নি, বোন ও মায়ের সহযোগিতায় খাদিজাতুলকে বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে খাওয়া দাওয়া ও গল্প গুজবের একপর্যায়ে প্রতারণার আশ্রয় নিয়ে একটি ফরমে জোর পূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। পরে জানায় যে ওই সুপার নেছার আহম্মেদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি জানার পর তার ভাই তাকে বাড়িতে আসার জন্য বললে ওই সুপার তাকে আটক করে রেখে আর বাড়িতে যেতে দেয়নি। এ সময় খাদিজার পরিবারের লোকজন বিষয়টি মেনে নিয়ে তাদের দুজনকেই বাড়িতে দাওয়াত করেন। কিন্তু ওই প্রতারক সুপার নিজে না গিয়ে খাদিজাতুলকে না জানিয়ে ও কিছু বুঝতে না দিয়ে কৌশলে বাড়ি পাঠিয়ে দেয়। ফলে ওই ছাত্রী তার জীবন নষ্ট করার জন্য বিচার চেয়ে অভিযোগ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি পৃথক অভিযোগও করেছেন মজনু মিয়াসহ অর্ধশতাধিক অভিভাবক।
খোঁজ নিয়ে জানা গেছে ওই সুপার এর আগে আরও দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী উম্মে কুলছুম জানায়, তাদের প্রথমে পারিবারিকভাবে বিয়ে হয়। এর মাঝে তাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করতো তার স্বামী নেছার আহম্মেদ। পরে চলতি বছরের ২৪ নভেম্বর আমাকে বাড়িতে রেখে যায়। এরপর জানতে পারি যে আমাকে তালাক দিয়েছে। এদিকে গোপনে দ্বিতীয় বিয়ে করেন ফুলবাড়ী উপজেলার তেলিটারি এলাকার ফেরদৌসী নামের ১ সন্তানের জননীকে। পরে একসময় তাকেও তালাক দেন বলে জানা গেছে। স্থানীয় ও মাদ্রাসার অভিভাবকগণ জানান, ওই সুপার শিক্ষক নামের কলঙ্ক। আমাদেরও সন্তান তার মাদ্রাসায় লেখাপড়া করে। সেখানে তিনি নিজেই যদি এরকম হয় তাহলে বাচ্চাদের নিরাপত্তা কোথায় থাকে।
স্থানীয়রা আরও জানান, তিনি একসময় জামাআতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সে সময় দেশে নাশকতা ও অস্থিতিশীল পরিবশে সৃষ্টির অপরাধে তাকে আটক করেন পুলিশ। এবং ৩দিন জেল হাজতেও ছিলেন বলে জানা গেছে। অপরদিকে প্রথম স্ত্রী উম্মে কুলছুমের ভাই নুরনবী মিয়ার কাছ দুই বছরের মধ্যে পরিশোধ করবে বলে ১০০ টাকার দুইটি নন জুডিশিয়াল স্ট্যম্পে চুক্তিনামায় নিজেই স্বাক্ষর করে গত ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর নগদ ১০ লাখ টাকা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে ওই সুপার নেছার আহম্মেদের বিরুদ্ধে। যা দুই বছর অতিক্রম করে আরও তিন বছর অতিবাহিত হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে নোটারী পাবলিক, কুড়িগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত একটি লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে তাকে। প্রতারণার শিকার নুরনবী মিয়া বলেন, ওই সুপার আমার বোনকে প্রথম বিয়ে করে একইভাবে অভিভাবকদের অনুপস্থিতিতে এবং আমাদেরকে কিছু না জানিয়ে গোপনে একতরফাভাবে তালাক দিয়ে বাড়িতে রেখে গেছে। উনি একসময় ভিতরবন্দ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে ছিলেন। পরে রামখানা রহমতিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে নিয়োগ পাওয়ার জন্য তার ১০ লাখ টাকার প্রয়োজন হয়। সে সময় স্ট্যাম্পের চুক্তিনামায় স্বাক্ষর করে আমার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। তার প্রমাণও আছে।
এ বিষয়ে ওই মাদ্রাসার সুপার নেছার আহম্মেমেদ বলেন, সব অভিযোগ তদন্ত করেন। তদন্ত করে কী করার আছে করেন। যা ব্যবস্থা নেওয়ার আছে নেন। এদিকে অভিযোগ পেয়ে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান। এ বিষয়ে ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, তদন্ত চলমান রয়েছে। প্রাথমিকভাবে কিছুটা তদন্ত হয়েছে। বাদবাকীটা অভিভাকদেরকে সকল এভিডেন্স দিতে বলা হয়েছে। তবে এরইমধ্যে অনেকটা সত্যতা মিলেছে। সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট ইউএনও মহোদয়ের নিকট জমা দিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো প্রকার ছাড় দেয়া হবে না। কেননা তিনি একটা জাতির কলঙ্ক।