তীব্র শীতে কাঁপছে উত্তরবঙ্গের কুড়িগ্রামের রাজারহাট। ঠান্ডা ও হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা এ উপজেলার মানুষ ও গবাদী পশু। কুড়িগ্রামে সোমবার (২৬ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
হঠাৎ জেঁকে বসা শীতে চরম বিপাকে পড়েছেন দরিদ্র ছিন্নমূল মানুষ। প্রচন্ড ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দিন-মজুর ও খেটে খাওয়া মানুষ নাকাল হয়ে পড়েছেন। কুয়াশার চাদর ভেদ করে দেরিতে সূর্য উদিত হলেও কমছে না শীত ও ঠান্ডার প্রকোপ।
শীতবস্ত্রের অভাবে শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।
জেঁকে বসা কনকনে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা। ঠান্ডাজনিত সর্দ্দি-কাশি, এজমা, নিউমোনিয়া, জ্বর ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে তারা। হাসপাতালে বেড়ে চলেছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। হঠাৎ শীতে শ্রমজীবী মানুষের বেড়েছে চরম দুর্দশা। ঠান্ডার কারণে ঘরের বাইরে বের হতে পারছেন না তারা।
শীতার্ত মানুষের পাশাপাশি পশুপাখির দুর্ভোগের মাত্রাও বেড়ে গেছে। ধানের বীজতলা ও আলুখেত নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
রাজারহাট কৃষি আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা(চলতি) তুহিন মিয়া জানিয়েছেন, কুড়িগ্রাম জেলার সোমবার(২৬ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা নেমে এসেছে ১৪দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। ওইদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ১২ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস ও রোববার ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত চারদিনে তাপমাত্রা উঠা নামা করলেও হিমেল হাওয়ায় প্রচন্ড ঠান্ড অনুভ’ত হচ্ছে।
তীব্র শীতের মধ্যেও ছিন্নমূল ও হতদরিদ্রদের জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে। যে কারণে তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিদ্যানন্দ ইউনিয়নের অটো বাইক চালক সাজু মিয়া বলেন, ‘ এইবারে জাড়ে (শীত) এ্যালায় শরিল ( শরীর) কাঁপি উঠছে। ঠান্ডার ঠেলায় গাড়ি চালানোই যাচ্চে না।'
শ্রমজীবী সেকেন্দার আলী বলেন, ‘এল্যায় যে জাড়(শীত) বাহে, তাও কাম-কাইজ নাই। তারপরও এই ঠান্ডাত বউ-বাঁচ্চার জন্যে কামত আসছি। শরীলটা থর থর করি কাঁপেছে।’
পাড়ামৌলা আশ্রয়ণ প্রকল্পের মজিবর রহমান বলেন,‘যেত শীত পড়ছে, ঘরত গরম কাপড়ও না। এল্যা কায়ো কম্বলও দ্যায় না।’ কনকনে হিমেল হাওয়ায় এ উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। কিছু সময়ের জন্য সূর্য দেখা দিলেও বন্ধ হয়নি শীতের কামড়।
রাজারহাট উপজেলা কৃষি অফিসার মোছাঃ সম্পা আকতার বলেন, শীত বেশী হয়ে বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই, বোরো বীজতলা রক্ষায় চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে।