কুড়িগ্রামের চিলমারীতে বাল্য বিবাহের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে সুশীল সমাজের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছে। গত ০৩ মাসে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক বাল্য বিবাহ সংঘটিত হয়েছে। এর মধ্যে মীম সীন মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির নিশি, স্বপ্না, লিমা, ৭ম শ্রেণির নাজমীন, রুমকি, ৮ম শ্রেণির হাবিবা, হেনা, ৯ম শ্রেণির সুলতানা, শাহানাজ ও ১০ম শ্রেণির মর্জিনা ও মিতু। রাজারভিটা আলিম মাদ্রাসার ২০-২৫জন, পাত্রখাতার রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার ৩০-৩৫জন, চিলমারী বালিকা উচ্চবিদ্যালয়ের ২০-২৫জন, পাঁচগ্রাম মাদ্রাসার ৩৫-৪০জন, কুঠিরগ্রাম মাদ্রাসার ২০-২২জন, বালাবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ১৫-১৬জন, থানাহাট বালিকা উচ্চবিদ্যালয়ের ১০-১৫জনের বাল্যবিবাহ হয়। বাল্যবিবাহ বৃদ্ধি পাওয়ায় গাবেরতল এলাকার মাহবুব আলম জানান, গোটা উপজেলায় বাল্যবিবাহ যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটা সামাজিক ব্যধিতে পরিনত হয়েছে। এখনি লাগাম ধরতে না পারলে এটি ভয়াবহ রুপ ধারন করবে। সরকারিভাবে বিবাহের জন্য মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বৎসর নির্ধারন থাকলেও এর কোনটিও মানা হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আর্ত-সামাজিক উন্নয়নের মাধ্যমে একমাত্র বাল্য বিবাহ রোধ করা সম্ভব।