কুড়িগ্রামের চিলমারী উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহন, অসাদচারণ ও হয়রানির অভিযোগ উঠেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পেনশন(ইএলপিসি), নতুন শিক্ষকের বিল, বাৎসরিক ইনক্রিমেন্ট, শ্রান্তিবিনোদন বিল ও ঋণ গ্রহন প্রতিটি ব্যাপারে তাকে উৎকোচ দিতে হয় না দিলে কোন প্রকার কাজই হয় না। বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করে কাজগুলো ফেরৎ পাঠান। এ ব্যাপারে শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, পেনশন (ইএলপিসি) কাগজ হিসাব রক্ষন অফিসে জমা দেওয়া হলেও উৎকোচ না দেওয়ার কারণে মিথ্যা অজুহাতে কাগজ ফেরৎ পাঠানো হয়। অপর একজন সহকারী শিক্ষক জানান, হিসাব রক্ষন অফিসার শাহানুর ইসলাম গত ০৪/১০/২০২০ইং সালে অত্র উপজেলায় যোগদান করার পর থেকে অফিস সহায়ক আবদুল মতিনের যোগসাজসে ঘুষবাণিজ্য করে চলছে। নতুন শিক্ষকদের প্রথম বিল করণ, বাৎসরিক ইনক্রিমেন্ট, শ্রান্তি বিনোদন বিল, ঋণ গ্রহন প্রতিটি ব্যাপারে ১-২ হাজার টাকা উৎকোচ দিতে হয়। উল্লেখ্য ইতোপূর্বে ওই হিসাব রক্ষন কর্মকর্তা এক প্রধান শিক্ষককে লাঞ্চিত করলে শিক্ষকেরা ফুঁসে উঠলে উপজেলা শিক্ষা অফিসারের সমঝোতায় ভুল স্বীকার করে আপস মীমাংসা করেন। এ ব্যাপারে উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন।