ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি দলীয় এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া পদত্যাগ করায় পদটি শুন্য হয়। ইতোমধ্যে গেজেটও প্রকাশিত হয়েছে। ঘোষণা হয়ে গেছে তফসিল। এই আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সরাইল উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন। সোমবার সন্ধ্যায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই ঘোষণা দিয়েছেন। নাজমুল হোসেন বলেন, নবম শ্রেণিতে পড়ার সময় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। লালন করে আসছি জাতীর জনকের আদর্শকে। সরাইল উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, উপজেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল পদে ছিলাম দীর্ঘদিন। পরবর্তীতে ২০১৪ সাল থেকে ৮ বছর সরাইল উপজেলা আ.লীগের আহ্বায়ক ছিলাম। কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরাইলে অনুষ্ঠিত সম্মেলনে আমি দলটির সভাপতির নির্বাচিত হয়েছি। দীর্ঘ ৪৫ বছরেরও অধিক সময় ধরে আ.লীগের রাজনীতির সাথে জড়িয়ে আছি। ১৯৭৫ সালের পর এখানে আ.লীগ দলীয় এমপি নেই। সর্বশেষ যিনি এমপি ছিলেন তিনি ৪ বছর এলাকাই আসেননি। কোন কাজও হয়নি। আগামী উপনির্বাচনে আমরা এই আসনে আ.লীগ দলীয় (নৌকা) প্রার্থী চাই। জাতীর জনকের কন্যার হাত ধরে গোটা দেশ এগিয়ে চলছে। কিন্তু সরাইলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ৩ সদস্যের কমিটি দিয়ে কী নির্বাচন করতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের আগেই পূর্ণাঙ্গ কমিটি হয়ে যেতে পারেন। দল এখন চাঙ্গা ও সক্রিয়। মহাজোটের এমপি চেষ্টা করেছেন। তবে দেখার মত কিছু করতে পারেননি। জোটের প্রার্থীর প্রশ্নে তিনি বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তের বাহিরে আমরা যাব না। দল ও দেশের স্বার্থে তিনি যে সিদ্ধান্ত দিবেন তা মাথা পেতে নেব। মহাজোটের প্রার্থী দিলে আমরা তার পক্ষেই কাজ করব। সবশেষে তিনি মুক্তিযুদ্ধে শহীদ ও ঘাতক নরপিশাচদের হাতে নিহত জাতীর জনকের পরিবারের সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেছেন তিনি।