কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল ৭টায় বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া শেষে কটিয়াদী সরকারি হাইস্কুল মাঠে স্কুল, কলেজ, মাদ্রাসা, পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস দলের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২, (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জালাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তাজরিনা তৈয়ব, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা, কটিয়াদী কলেজের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা মইনুজ্জামান অপু প্রমূখ। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তাছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।