সুখবর, সুখবর, সুখবর, আপনাদের জন্য সু-খবর। মাত্র ১০০ টাকায় পাঁচ্ছেন একটি এলইডি বাল্ব। যে বাতি একবার জ্বললে বছরের পর বছর জ্বলে। এক সাথে তিনটি কিনলে মাত্র ২০০ টাকা। স্টক সীমিত।
এক নিমিষেই দাঁতের ব্যথা শেষ। আজই চলে আসুন জয়নাল ডেন্টালে, এখানে দাঁতের সব ধরনের চিকিৎসা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহর এলাকায় এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্চ শব্দে মাইক বাজিয়ে এভাবেই পন্য বিক্রি করা হয়। এছাড়া, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচীর প্রচারণা চালানো হয়। এতে ব্যাংক-বিমার দাপ্তরিক কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। মাইকের আওয়াজে শিক্ষার্থীরা রাতের বেলায় পড়াশোনায় মনোযোগ দিতে পারে না।
সড়ক বাজারের নিয়ামুল হক নামের ফুটপাতের এক ফল ব্যবসায়ি বলেন, ভাই রে সু- খবর শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এখন আস্তে কেউ কিছু বললেও শুনু না। মনে হয় বধির হয়ে গেছি।
উপজেলা যুবলীগ নেতা ও সড়ক বাজারের ডিবিসি চায়না বাজারের মালিক ইকবাল হাসান বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে মাইকিং বিরামবিহীন ভাবে চলে। যেন দেখার কেউ নাই। ব্যবসায়িরা তাদের কাজে ও শিক্ষার্থীরা পাঠে মনোযোগ দিতে পারে না। আমি মনে করি জনস্বার্থে প্রশাসনের এর একটা বিহিত করা দরকার।
পৌরশহরেরর মালদার পাড়ার মামুন মিয়া বলেন, একে তো যানবাহনের হর্ন। তার উপর সকাল থেকে রাত পর্যন্ত মাইকের উচ্চ আওয়াজের কারণে কান ঝালাপালা হয়ে গেছে। আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই।
সিনতিয়া নামের এক কলেজছাত্রী বলেন, দিনের বেলা বাদ দেন। এখন মাইকিং এর কারণে রাতেও পড়াশোনা করা যায় না।
গণমাধ্যমকর্মী কাজী হান্নান খাদেম বলেন, রাজনৈতিক ও সরকারি প্রচারণার জন্য মাইকিং এর প্রয়োজন অপরিহার্য। তবে শহর ও শহর তলীতে উচ্চ আওয়াজে বিরূপ প্রভাব পড়ে। শহরে শব্দের মাত্রা সহনশীল হওয়া উচিৎ।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, সাধারণত ৬০ ডেসিবল শব্দের তীব্রতায় মানুষ সাময়িক বধির এবং ১০০ ডেসিবল শব্দের তীব্রতায় স্থায়ী বধির হয়ে যেতে পারে। মাইকিংয়ের শব্দ মানুষের মস্তিষ্কে আঘাত করে। এতে শ্রবণশক্তি হ্রাস ছাড়াও হৃদরোগ ঝুঁকি থাকে। তবে শব্দদূষণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন,অনুমতির বিধান আছে কিনা আমার জানা নেই। থাকলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।