মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরে ‘বিভাগীয় কমিশনার মহিলা ফুটবল কাপ টুর্নামেন্ট’ এর উদ্বোধন হতে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উত্তম হাজীরহাটস্থ রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করবেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুবনা আফরোজ। এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলার নারী ফুটবলার দল অংশ নিচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর এ টুর্নামেন্টের সমাপনী হবে। ওই আয়োজনে ক্রীড়ানুরাগীসহ সর্বস্তরের মানুষকে খেলা দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।